খবর লাইভ : দিল্লির ঘটনায় নয়া মোড়। ‘মদ্যপ অবস্থায় ছিলেন অঞ্জলি। সেই অবস্থাতেই স্কুটি চালাবেন বলে তাঁর সঙ্গে বচসাও জুড়ে দেন’। এমনই বিস্ফোরক দাবি করলেন অঞ্জলির বান্ধবী নিধি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই অঞ্জলির সঙ্গে দেখা যায় নিধিকে। ঘটনার আগে দুজনে বচসায় জড়িয়ে পড়েছিলেন বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপরই নিধির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অঞ্জলির বান্ধবী নিধি।
তিনি বলেন,”মদ্যপ অবস্থায় ছিল অঞ্জলি। তা সত্ত্বেও স্কুটি চালাতে চাইছিল। কিন্তু সেই সময় একটি গাড়ি এসে ওকে ধাক্কা মারে। আমি একদিকে ছিটকে পড়ে যাই। আর অন্যদিকে গাড়ির নিচে আটকে যায় অঞ্জলির পা। এরপর গাড়ি ওকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে। আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কাউকেই ঘটনার কথা বলিনি। পুলিশে খবর না দিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম।”
পাশাপাশি নিধি এও জানান, তাঁর বান্ধবী যে গাড়ির নিচে আটকে গিয়েছেন, তা অভিযুক্তরা টের পেয়েছিল। তা সত্ত্বেও গাড়ি চালাতে থাকে তারা। অঞ্জলি সেই সময় চিৎকার করছিলেন বলেও দাবি করেন নিধি।




