খবর লাইভ : সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই । জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (CAL HC allows investigation against Suvendu Adhikari over Sudipta Sen Letter) ।
আরও পড়ুনঃ বাচিক শিল্পী অরুময়ের জীবনগাঁথা নিয়ে দুটি বইপ্রকাশ নজর কাড়ল সবার
সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ এবং সেই তদন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । সিবিআই সারদা মামলার তদন্ত করছে ৷ তাই নতুন করে কাঁথি থানা এই বিষয়ে তদন্ত করতে পারে না ৷ এই দাবিতে মামলা দায়ের হয় আদালতে । সুদীপ্ত সেনের চিঠি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার তদন্তকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করারও আর্জি জানিয়েছিলেন মামলাকারী ।
বুধবার মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই, জানিয়ে দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ।
প্রসঙ্গত সারদার মালিক সুদীপ্ত সেন 2020 সালের 1 ডিসেম্বর জেলে বসেই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে । নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার দিকে আঙুল তুলেছিলেন । বিভিন্ন সময় সেই নেতারা নাকি সুদীপ্তর থেকে বিশাল অঙ্কের টাকা নিয়েছেন, চিঠিতে দাবি করেছিলেন সারদাকর্তা । তাতে অধীর রঞ্জন চৌধুরিকে 6 কোটি টাকা, সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা, শুভেন্দু অধিকারীকে 6 কোটি টাকা এবং বিমান বসুকে 2 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি । মুকুল রায়কেও নাকি বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, তবে টাকার সঠিক অঙ্কটা মনে করে লিখতে পারেননি সুদীপ্ত । স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় ।
চিঠিতে সুদীপ্ত সেন জানান, শুভেন্দু অধিকারী তাঁর থেকে কাঁথি পৌরসভার নামে টাকা নিয়েছিলেন । তারপরই রাজ্যের শাসক দলের তরফে বিবৃতি দিয়ে এই ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানানো হয় । সে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কার্যত সরকার পক্ষের জয় হল এই মামলায় । অর্থাৎ রাজ্য পুলিশের তদন্তে বাধা নেই বলে জানিয়ে দিল হাইকোর্ট ।




