খবর লাইভ : এবার প্রাথমিকে ওএমআর শিট নষ্ট করা নিয়ে ফের সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সূত্রেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ, মঙ্গলবারই রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে বলেছে আদালত। সহযোগিতা না করলে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ পরিবহনমন্ত্রীর আশ্বাসের পরও আন্দোলন জারি SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের
এদিন বিচারপতি বলেন, যেভাবে ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা দেখে অবাক লাগছে। যখন তা নষ্ট করা হয়, তখন অফিসিয়াল কোনও সাক্ষী ছিল না। কত সংখ্যক শিট নষ্ট করা হয়, তার কোনও হিসেব নেই। অনুমান, প্রায় ১৩ লক্ষ শিট নষ্ট হয়েছে। কোনও টেন্ডার ছাড়াই একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল।
বিচারপতি বলেন, মারাত্মক দায়িত্বজ্ঞানহীনতা লক্ষ্য করা গিয়েছে। এর পিছনে অপরাধমূলক অভিসন্ধি থাকতে পারে। সিবিআই দেখবে, কী ভাবে একটি সংস্থাকে দিয়ে উত্তরপত্র নষ্ট করানো হয়েছে। আমি আশা করব, সিবিআই সঠিকভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে। মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য বার করবে। আদালতের নির্দেশ, ১ নভেম্বরের মধ্যে সিবিআইকেস তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট এজলাসে পেশ করতে হবে।
স্কুল সার্ভিস কমিশনের মতো প্রাথমিকেও শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে মামলা হয়েছে। তার সিবিআই তদন্ত চলছে। আদালত মানিককে অপসারণের নির্দেশ দিয়েছিল। সেইমতো পর্ষদের নতুন সভাপতি করা হয়েছে গৌতম পালকে। অপসারণের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন মানিক।




