খবর লাইভ : মঙ্গলবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা এবং হাওড়ার একাংশে । যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে (Police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ এবার পিসিআর ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা (Anti Rowdy Squad) ।
আরও পড়ুনঃ কয়লা চুরি মামলায় অনুপ মাঝি ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জানা গিয়েছে, ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা বেলেঘাটা, তপসিয়া, ট্যাংরা, নারকেলডাঙ্গা ও শিয়ালদার একাংশে তল্লাশি অভিযান চালান । সেখান থেকেই মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা (Four Arrested) । গ্রেফতারির পর তাঁদের আনা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) ।
পুলিশ সূত্রে খবর, মূলত সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে । আজ তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কারা কারা যুক্ত ছিল, তাঁদের সন্ধান পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।
প্রসঙ্গত, বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷




