খবর লাইভ : মঙ্গলে বিজেপির (BJP) নবান্ন অভিযানের (Nabanna Abhijan) কর্মসূচিতে সায় নেই পুলিশের। হাওড়া কমিশনারেটের (Howrah Commissionerate) অনুমোদন না মেলা সত্ত্বেও জোরকদমে প্রস্তুতিতে ব্যস্ত গেরুয়া শিবির। উলটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বলেন, ”অনুমতি যে পাওয়া যাবে তার আশা খুব একটা ছিলও না। যেখানে জেলা বা ব্লকে পথসভা করতে দেয় না তৃণমূল সরকার। সেখানে নবান্ন অভিযানে বাধা দেবে এ আর নতুন কী কথা? তবে রাজ্যের মানুষের স্বার্থে আমাদের এই পদক্ষেপ। পুলিশ বাধা দিলেও আমি অভিযানের জন্য তৈরি।” এদিন নবান্ন অভিযানের সাফল্য কামনা করে কালীঘাট মন্দিরে পুজোও দেন বিজেপি রাজ্য সভাপতি।
উল্লেখ্য, হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে হাওড়ার দুটি জায়গায় জমায়েত ও মিছিল শুরুর কথা জানিয়েছে বিজেপি। হাওড়ার সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান থেকে পদ্মশিবিরের দুটি মিছিল যাবে নবান্নের উদ্দেশে। এই দুই মিছিলেই অনুমোদন নেই পুলিশের তাও হাওড়া কমিশনারেটের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে। অন্যদিকে, কলকাতার কলেজ স্ট্রিটের তরফ থেকে নবান্নের উদ্দেশে রওনা হবে আরও একটি মিছিল। তিন মিছিলের নেতৃত্বে থাকবেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শুভেন্দু অধিকারী (S uvendu Adhikari) এবং দিলীপ ঘোষ।
আগামীকাল নবান্ন অভিযানের জন্য আলাদা করে কন্ট্রোল রুম খুলেছে বিজেপি। বেশ কয়েকজন কর্মীর কাছে থাকবে আলাদা করে ফোন ও ওয়াকিটকি। অভিযানের সময়কার ছবি তুলে পাঠানো হবে কন্ট্রোল রুমে। একইসঙ্গে জেলা থেকে আসা কর্মীদের সঙ্গেও কো-অর্ডিনেশন করার দায়িত্বেও থাকবে বিশেষ কিছু কর্মীরা।




