খবর লাইভ : এই কথা আগেও বলেছেন, আজ ফের নেতাজি ইনডোরে একই কথা মনে করিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়। সাফ জানিয়ে দিলেন দলে দু, তিন নম্বর বলে কিছু নেই, শীর্ষে মমতা ব্যানার্জির ছবি, তার পরেই দলের কর্মীরা।
আরও পড়ুনঃ কয়লা মাফিয়া অনুপ মাঝির ডায়েরিতে ‘এম ঘটক’ নামে মাসে ৭৫ লক্ষ! দাবি শুভেন্দুর
সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, তার আগেই দলের ভেতরের একাধিক সমস্যা প্রকাশ্যে এসেছে, সেগুলিকে নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। গতকাল মমতা ব্যানার্জি কড়া বার্তা দিয়েছিলেন, বেনিয়মের অভিযোগ বরদাস্ত করবেন না। আজ দলের কর্মীদের নিয়ে বৈঠক করছেন মমতা-অভিষেক। তাঁদের পাঠ দেওয়া হবে শৃঙ্খলা এবং দলীয় অনুশাসনের। বৈঠকের আগে থেকেই সকলের নজর ছিল, আজকের বিশেষ অধিবেশন থেকে কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন মমতা-অভিষেক। দুর্নীতির একাধিক অভিযোগের মাঝে দলের স্বচ্ছতা বজায় রাখার যে বার্তা বারবার দিয়েছেন দলনেত্রী, সেই প্রসঙ্গেই আর কী বলেন তাঁরা সেদিকেই নজর ছিল সকলের। আজকের বৈঠকে অভিষেক সাফ বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন, তৃণমূলে শীর্ষে মমতা ব্যানার্জি এবং তারপরেই কর্মীরা। অভিষেকের মতে, আজকের এই বৈঠকে কর্মীদের উপস্থিতি সর্বকালীন রেকর্ড নেতাজি ইনডোরের।
অভিষেক আজ ফের বলেছেন, কোনও পরিস্থিতিতে মাথা নোয়াবেন না। তৃণমূল কংগ্রেসকে যতবার অপমানিত করা হয়েছে, দলের কুৎসা করা হয়েছে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে বলেই মত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের কথায় উঠে এসেছে ফের ইডি-সিবিআই -এর প্রসঙ্গ। আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোটে যোগ্য জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অভিষেক জানিয়েছেন, বদল এনেছে তৃণমূল, বদলা নেওয়া হবে ২০২৩-এর পঞ্চায়েত ভোট এবং ২০২৪ -এর লোকসভা ভোটের ব্যালট পেপারে। শুধু সময়ের অপেক্ষা। অমিত শাহকে কটাক্ষ করে বলেন, অমিত শাহ দেশের সবথেকে বড় পাপ্পু। অভিষেকের মতে, মোদি সরকারের মন্ত্রী সভার সবথেকে অপদার্থ অমিত শাহ। পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে। সিপিএম এর হার্মাদ এবং বিজেপির জল্লাদরা এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলেই মত তাঁর।
দলের কর্মীদের উদ্দেশে অভিষেক আরও বলেন, তৃণমূলে কোনও লবি নেই, একটাই লবি, মমতা ব্যানার্জি। আজকের বৈঠকে মমতা কী বার্তা দেন তা শুনে, নিজেদের মতো করে পালন করার কথা বলেছেন। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সর্বত্র জিততে হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।




