খবর লাইভ : বিহারে নীতিশ কুমার (Nitish Kumar) সম্প্রতি বিজেপির (BJP) সঙ্গ ছেড়ে যোগ দেন মহাজোটে। এবং তারপর তিনি মহাজোটের হাত ধরে মুখ্যমন্ত্রী হন। নীতিশ কুমার নতুন করে মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপিকে সরানোর। প্রসঙ্গত, তাঁর নজরে এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন। অন্যদিকে বিজেপির হাত ছাড়ার পর নীতিশ কুমার প্রসঙ্গে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, গত ১০ বছরে নীতিশ কুমার এই নিয়ে ষষ্ঠবার সরকার গড়ার পরীক্ষা করছেন। এমনকি প্রশান্ত কিশোর বলেন, বারবার জোট সঙ্গী পরিবর্তন করে নীতিশ কুমার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। আর এবার তারই জবাব দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন, প্রশান্ত কিশোরের মন্তব্যের কোন প্রাসঙ্গিকতা নেই। বরং নীতিশ কুমার অভিযোগ করেছেন, প্রশান্ত কিশোর (Prashant Kishor) হয়তো বিজেপিকেই সাহায্য করতে চান। প্রসঙ্গত, বিহারের রাজনীতিতে এর আগে প্রশান্ত কিশোরকে নীতিশ কুমারের সঙ্গেই জেডিইউতে দেখা যেত। কিন্তু পরে তিনি জেডিইউ ছেড়ে দেন। কার্যত নীতিশ কুমার আরজেডি, কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী হবার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। প্রশান্ত কিশোর অবশ্য নীতিশ কুমারের মন্তব্যের কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেননি।




