খবর লাইভ : বীরের সম্মান দিয়ে অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করে আনতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিশেষ সভা থেকে এমনটাই নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার মমতা জানান, ‘বীরভূমের মাটি শক্ত মাটি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷’
আরও পড়ুনঃ তৃণমূলে একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: অভিষেক
এর আগে পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হলেও মমতা তাঁর পাশে দাঁড়াননি।এমনকী পার্থকে দল থেকে বহিস্কার করে মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পার্থ ও অনুব্রত মণ্ডল যে এক নয় এদিন তা ফের স্পষ্ট করে দেন মমতা। তিনি যে কেষ্টর পাশে রয়েছেন তা জানিয়ে দেন। কেষ্টকে আটকে রেখেও যে বীরভূমে দুটো লোকসভা আসন দখল করা যাবে না, তাও বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। আসলে মমতা বোঝাতে চেয়েছেন তাঁর প্রিয় কেষ্টকে অনেক দিন ধরেই টার্গেট করা হয়েছিল। সেই জন্যই তাকে নির্বাচনের সময় নজরবন্দি করে রাখা হত। কিন্তু পরক্ষণেই আশ্বস্ত করেন মমতা। কেষ্টকে নজরবন্দি করলেও তাতে হাতি ঘোড়া কিছু হয়ে যায়নি। বীরভূমে তৃণমূল নিরঙ্কুশ ক্ষমতা দখল করে রেখেছে।




