Special News Special Reports State

তৃণমূলকে সতর্কবার্তা সাংসদ জহরের! বাড়ল অস্বস্তি

0
(0)

খবর লাইভ : মাত্র বছর খানেক আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবে পরিচিত সেই জহর সরকার এবার নিজের দলের দুর্নীতিপরায়ণ নেতাদের নিয়েই সরব হলেন৷

শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে ভাবমূর্তি উদ্ধার না করলে ২০২৪-এ তৃণমূলের লড়াই আরও কঠিন হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ৷ দলের সাংসদের প্রকাশ্যে এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পর গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হতে হয়েছে অনুব্রত মণ্ডলকে৷ তৃণমূল নেতাদের বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে৷ সবমিলিয়ে দুর্নীিতর অভিযোগে রীতিমতো অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল৷ এই পরিস্থিতিতে সেই অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার৷
নিজের হতাশা ব্যক্ত করে জহর সরকার বলেছেন, ‘মোদির সঙ্গে লড়াই করতে পারে একমাত্র যে শক্তি, আমি সেই দলের অংশ ভেবে গর্ব বোধ হত৷ এ বছরের শুরুর দিকেও সেই অনুভূতি কাজ করত৷ বুকের ছাতি ফুলিয়ে আমরা সংসদে ঘুরে বেড়াতাম৷ কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেমন একটা হীনমন্যতায় ভুগছি৷ লোকে যেভাবে দেখছে, তাতে অস্বস্তি হয়৷ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি তো৷’ তৃণমূল সাংসদ এমনও বলেন, দলের দুর্নীতি নিয়ে খোঁচা দিয়ে বন্ধুরাও তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না৷ জহর সরকারের কথায়, ‘বন্ধুরা বলছে, কী রে কত পেলি?’
তবে নিজের দলের সব নেতাকে নিয়ে যে মনোভাব সমান নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন জহর সরকার৷ তৃণমূল সাংসদ বলেন, ‘সুগত বসুকে (প্রাক্তন তৃণমূল সাংসদ) কেউ অসৎ বলতে পারবে? এই যে আমি সুখেন্দুশেখর রায়কে সামনে থেকে দেখি, তিনি একেবারেই সাধারণ জীবনযাপন করেন৷ এরকম অনেকেই আছেন৷ কিন্তু আবার এক শ্রেণিকে দেখলেই মনে হয় ধান্দাবাজ৷ এটা শুধু তৃণমূল নয়, সব দলেই আছে৷’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *