খবর লাইভ : অসুস্থ বোধ করছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল। শরীর কেমন? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পার্থ বললেন, ‘‘ভাল নেই।’’ শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সংশোধানাগারে যাওয়ার পর পার্থের পা ফোলা নজর করেছিলেন জেলের চিকিৎসকরা। হাঁটাচলা কমে যাওয়ার জন্যই প্রাক্তন মন্ত্রীর পায়ে ফোলা ভাব দেখা যেতে পারে বলে সে সময় জানিয়েছিলেন তাঁরা। সম্প্রতি প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থকে দেখতে গিয়েছিলেন এসএসকেমের চিকিৎসকদের একটি দল।
আরও পড়ুনঃ আদালতে মাগুর মাছ নিয়ে কংগ্রেসের প্রতীকী বিক্ষোভ
প্রসঙ্গত, গত ২২ জুলাই নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সে সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। ইডির জিজ্ঞাসাবাদের মধ্যেই পার্থের বাড়িতে এসএসকেএমের চিকিৎসকদের যেতে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে আদালতের নির্দেশে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। তাঁর যে অসুস্থতা রয়েছে, তার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলেই জানিয়েছিলেন সেখানকার চিকিৎসকরা।




