খবর লাইভ : “যা কিছু হারায় গিন্নি বলেন, ‘কেষ্টা বেটাই চোর।’”, রবি ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ কবিতাটির একটি ছোট্ট অংশ চলতি বছরের জন্মাষ্টমীতে আমূল কোম্পানির বাংলা বিজ্ঞাপনের ট্যাগলাইন। আমূল ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে এই ছবি।
দেখা যাচ্ছে, ছবিতে রয়েছে আমূলেরই একটি চেনা পরিচিত মাখনের কৌটো। সেখান থেকে হাপিশ হয়েছে এক খাবলা তুলতুলে মাখন। আমরা সকলেই জানি, মাখন চুরির জন্য ছোট্ট শ্রী কৃষ্ণ, অর্থাৎ গোপাল ঠাকুরকে মা যশোদার কাছে কত বকুনি, ধমক আর তিরস্কার সহ্য করতে হয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনের সাথে অবশ্য নিষ্পাপ কৃষ্ণবর্ণ চেহারার দুষ্টু গোপালের কোনও মিল নেই। তবুও, তাঁর সেই পুরাতন ভৃত্য আর ‘নটখট’ নন্দলাল, উভয়েরই নাম ‘কেষ্ট’। যদিও বাংলায় ইদানিং কালে খবরের শীর্ষে থাকা আর এক খ্যাতনামা ব্যক্তির নাম ‘কেষ্ট’।
হ্যাঁ, তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি গরু পাচার কাণ্ডের মামলায় গত সপ্তাহে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত গরু পাচার বা চুরি করার কোনও সরাসরি প্রমাণ নেই।
তৃণমূলের তরফে বিষয়টি প্রসঙ্গে বলা হয়েছে, যেভাবে রবীন্দ্রনাথের কবিতার একটি লাইন বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে তা নিন্দনীয়। বিকৃতভাবে লাইনটি ব্যবহার করা হয়েছে। যারা এটা করলেন তারা না জানেন বাংলা, চেনেন না বাংলার মাটি , রবীন্দ্রনাথ পড়েন নি, বাংলার সংস্কৃতি জানেন না।
আমূল অবশ্য পোস্টটির শিরোনামে ইংরেজি, বাংলা উভয় ভাষাতেই জ্বলজ্বল করে শিরোনাম লিখেছে, ‘শুভ জন্মাষ্টমী!’ মা রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।




