খবর লাইভ : ভগবানগোলায় তৃণমূল (TMC) বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে তাণ্ডব চালালেন দলের স্থানীয় কর্মীরাই। অভিযোগ, বিধায়ককে টাকা দিয়েও পদ মেলেনি। সোমবার সন্ধ্যার পর ভগবানগোলার সুবর্ণমৃগি গ্রামে ঘটনাটি ঘটেছে। ইদ্রিসের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলের লোকজন। তাঁর বাড়িতে ভাঙচুরও চালান তাঁরা। সেই সময় বিধায়ক বাড়ির ভিতরেই ছিলেন। পরে ভগবানগোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক তৃণমূলকর্মী জানান, গিয়াসউদ্দিন নামে এক কর্মীকে ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক বারো লক্ষ টাকা নিয়েছেন। এছাড়া অঞ্চল সভাপতি, পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও ইদ্রিস লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের।
আরও পড়ুনঃ রামায়ণ কুইজে জয়ী দুই মুসলিম ছাত্র !
অন্যদিকে, তৃণমূল বিধায়কের বাড়িতে হামলার ঘটনায় সোমবার রাতে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর আপ্ত সহায়ক। বিধায়ককে খুনের চেষ্টা, মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের হয়েছে। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইদ্রিস।




