খবর লাইভ : দলের প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের অগাধ আস্থা । দল তাঁকে মন্ত্রিত্ব বা মহাসচিবের পদ থেকে সরিয়ে দিলেও তিনি বিধায়ক পদ ছাড়বেন না। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থের সঙ্গে দেখা করার পর এমন দাবিই করলেন তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। পাশাপাশি তিনি জানিয়েছেন, জেলে তাঁর মক্কেলের সঙ্গে সাধারণ কয়েদিদের মতোই ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁর মক্কেল পার্থ।শুক্রবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালত, পার্থকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ওই দিন রাত থেকে প্রেসিডেন্সি সংশোধাগারে বন্দি রয়েছেন পার্থ।
শুক্রবারই ব্যাঙ্কশাল আদালতে পার্থের এক আইনজীবী কৃষ্ণচন্দ্র দাসের বক্তব্যে জল্পনা তৈরি হয়। তিনি বলেছিলেন, ‘‘বার বার প্রভাবশালীর কথা বলা হচ্ছিল, আইনজীবী হিসেবে আমি বলেছি, সে ক্ষেত্রে তিনি (পার্থ) বিধায়ক পদ ছেড়ে দেবেন।’’
তার পরেই জল্পনা তৈরি হয়, তা হলে কি সত্যিই এ বার পরিষদীয় রাজনীতির সঙ্গে পার্থের শেষ সম্পর্কটুকুও চুকে যাবে? পার্থ কি বেহালা পশ্চিমের বিধায়ক পদ ছেড়ে দেবেন? ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই জল্পনায় জল ঢাললেন পার্থের অন্য এক আইনজীবী— সুকন্যা।



