খবর লাইভ : বহু টালবাহানার পর আরিয়ান খানকে বেকসুর খালাস দিল এনসিবি। সংস্থার চার্জশিটে বলা হয়েছে শাহরুখ-তনয়ের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। গত বছর অক্টোবর মাসে প্রমোদতরীতে পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে সেখান থেকে তুলে নেওয়া হয়। বেশ কিছু দিন জেলে কাটানোর পর জামিনে ছাড়া পান তারকা সন্তান।
আরও পড়ুন- এবার সল্টলেকে আত্মঘাতী মা-মেয়ে
চার্জশিটে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন প্রমোদতরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। এঁদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি।
এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় বাকি ১৪ জনের নামে অভিযোগ দায়ের হচ্ছে।
২০২১ সালের ২ অক্টোবর প্রমোদতরী থেকেই গ্রেফতার হন আরিয়ান, তাঁর ২ বন্ধু মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্ট-সহ অন্যরা। প্রায় এক মাস পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় শাহরুখ-পুত্র এবং তাঁর দুই বন্ধুকে। মামলার তদন্ত প্রথমে ছিল এনসিবি মুম্বই শাখার হাতে। পরে তদন্তের ভার নেয় সিট। সেই মামলাতেই শুক্রবার ৬ হাজার পাতার চার্জশিট পেশ হচ্ছে।




