খবর লাইভ : জেলায় জেলায় উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সফর শুরু করেছে পাবলিক ওয়ার্কস এবং পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডিং কমিটি। পশ্চিম মেদিনীপুর ঘুরে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরে দিঘা উন্নয়ন পর্ষদের সভাঘরে বৈঠকে বসেন তারা। কিন্তু সেই বৈঠকে বিজেপি বিধায়কদের ডাকা হয়নি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের ক্ষোভের কথা জানিয়ে একাধিক টুইট করেন শুভেন্দু। আগামী ৬ জুন আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।
টুইটারে শুভেন্দুর দাবি, ‘মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় দিঘার ডিএসডিএ স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজিত হয়েছে। বৈঠকের উদ্দেশ্য, বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যবেক্ষণ ও তদারকি করা। যেখানে জেলার সমস্ত বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পিডব্লিউডি’র জয়েন্ট ডিরেক্টর। কিন্তু বৈঠকে কেবলমাত্র তৃণমূল বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।’




