খবর লাইভ : রবীন্দ্রভারতীর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ও অফলাইন পরীক্ষা নেওয়ার পথেই হাঁটছে এবার। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বোর্ড অফ স্টাডিস বৈঠকে বসে। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের ইভেন সেমিস্টারগুলি কী ভাবে নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। পরীক্ষাগুলি মূলত অফলাইনে নেওয়া হবে নাকি অনলাইনেই নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর বৈঠকে উপস্থিত একাধিক সদস্য অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন। তারপরেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বোর্ড অফ স্টাডিস অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে আগামী ২৭ শে মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের নিয়ে বৈঠক বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে অধ্যক্ষদের থেকে মতামত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেই ৩ রা জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কয়েকটি কলেজের উপাধ্যক্ষ আবার অনলাইনে পরীক্ষা চায়। সেক্ষেত্রে আগামী ২৭ শে মে এর বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই বিশ্ববিদ্যালয়ের একাংশের ধারণা।
প্রসঙ্গত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের একাংশ অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে। অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও অফলাইনে হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে এই সিদ্ধান্তে অনড়।




