খবর লাইভ : প্রায় চার ঘণ্টা জেরার পর নিজাম প্যালেস থেকে ছাড়া পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন নিজাম প্যালেসে প্রবেশের সময়ই বাম বুকে হাত রেখে প্রবেশ করেছিলেন এই নেতা। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি ফের অসুস্থ অনুব্রত? এদিন বেলা ২টো নাগাদ নিজাম প্যালেস থেকে ছাড়া পাওয়ার পর ফের একবার SSKM হাসপাতালে গিয়েছেন তিনি, জানা গিয়েছে এমনটাই। এদিন গাড়ির সামনের আসনে বসেই নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। একটি সবুজ রংয়ের পঞ্জাবি দেখা গিয়েছিল এই তৃণমূল নেতার পরনে। CBI দফতরে প্রবেশের সময় বাম বুকে হাত রেখেছিলেন তিনি। এরপরেই প্রশ্ন উঠছিল, তবে কি ফের অসুস্থ অনুব্রত মণ্ডল?
আরও পড়ুন- ৩৪ বছরের পুরনো মামলায় এক বছরের জেল সিধুর
এদিন সকাল ১০টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন দুপুর ২টো নাগাদ ছাড়া পান তিনি। রীতিমতো দু’জনের উপর ভর করে নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন তিনি। চোখে মুখে ছিল স্পষ্ট অসুস্থতার ছাপ। গাড়ির ফ্রন্ট সিটে বসেন তিনি। এরপরেই তাঁর গাড়ি রওনা দেয় SSKM-এর উদ্দেশে। ফের কি তাঁর বুকে ব্যথা? নাকি আরও অসুস্থ অনুব্রত? ফের কি তাঁকে SSKM-এ ভর্তি করতে হবে? উঠছে প্রশ্ন।




