খবর লাইভ : ঘূর্ণিঝড় অশনির কারণে বাতিল করা হল ১০টি বিমান। সোমবার চেন্নাই বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশে এই বার্তা জানানো হয়েছে।
ইন্ডিগো বিমান সংস্থার তরফে সকাল ৭টা ও ১০টা ৪০ মিনিটের চেন্নাই থেকে বিশাখাপত্তনম এবং ১০টা ৪০ ও দুপুর ১টা ৪৫ মিনিটের বিশাখাপত্তনম থেকে চেন্নাই পর্যন্ত মোট চারটি বিমান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এয়ার এশিয়ার চেন্নাই থেকে হায়দ্রাবাদ, জয়পুর ও মুম্বই পর্যন্ত ৩টি বিমান এবং হায়দ্রাবাদ, জয়পুর ও মুম্বই থেকে চেন্নাইয়ের মোট ৩টি বিমান বাতিল করা হয়। অশনির কারণে মোট ১০টি বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই বিমানবন্দর। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য যাত্রীদের দেওয়া হয়েছে।
আরও পড়ুন- চলে গেলেন কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা
বুধবারের মধ্যেই উত্তর-পূর্বে ওডিশা উপকূলের দিকে এগোবে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের মঙ্গলবার সকালের বুলেটিন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং বিশাখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতর সূত্রের খবর, অভিমুখ পরিবর্তন করে ওডিশা উপকূলের দিকে এগোনোর পরই দুর্বল হবে সাইক্লোন। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




