খবর লাইভ : সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ। তাঁর সঙ্গেই যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও।
স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগেই বিষয়টি ঠিক হয়েছিল বলে বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে দলের অধিকাংশের কাছে বিষয়টি এখনও জানাননো হয়নি। শুধু রাজ্য স্তরের কিছু শীর্ষনেতা ওই সফরের কথা জানেন।
বৃহস্পতিবার রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অমিত, শুভেন্দু এবং স্বপন সৌরভের বেহালার বাড়িতে যাবেন। তার আগে অমিত থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে রাজ্যের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না-জানানো নিয়ে ইতিমধ্যেই এক দফা বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার, সৌরভের বাড়িতে অমিতের নৈশভোজ নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কী প্রতিক্রিয়া জানায়। বিজেপি সূত্রের খবর, প্রথমে ঠিক ছিল, শুধু অমিতই সৌরভের বাড়িতে নৈশভোজে যাবেন। পুরো বিষয়টি সমণ্বয় করছিলেন স্বপন। বৃহস্পতিবার ঠিক হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুও সৌরভের বাড়িতে যাবেন। যাবেন স্বপনও।




