খবর লাইভ : পুলিশি জেরায় মুখ খুলছে না ‘খুনি’। রাতভর দাঁতে কাটেনি এক দানা খাবারও। বার বার ফুঁপিয়ে কেঁদে উঠছে। পুলিশ হেফাজতে বার বার মেজাজ বদল হচ্ছে বহরমপুরে ছাত্রী সুতপা চৌধুরী খুনের অভিযোগে ধৃত সুশান্ত চৌধুরীর। এমনকি সে আত্মহত্যার হুমকিও দিয়েছে বলে তদন্তকারীদের দাবি।
সুশান্তের আচরণ দেখে তদন্তকারীদের কখনও কখনও মনে হচ্ছে, সে অনুতপ্ত। আবার উল্টোদিকে সুতপাকে খুন করা নিয়ে সুশান্তর শরীরী ভাষায় কোনও আক্ষেপও নজরে আসেনি তদন্তকারীদের। সুশান্তর এমন আচরণ নিয়ে কিছুটা ধন্দে তদন্তকারীরা।
মঙ্গলবার সুশান্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তার পর থেকে বহরমপুর থানাতেই রয়েছে সে। তদন্তকারীদের মতে, পুলিশ হেফাজতে আসার পর থেকে মুখে কুলুপ এঁটেছে সুশান্ত। তার মুখ থেকে প্রায় কোনও কথাই বার করা যাচ্ছে না। এমনকি, পুলিশি জেরায় সে কোনও সহযোগিতা করছে না বলেই তদন্তকারীদের দাবি।




