খবর লাইভ : সশরীরে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে চার সপ্তাহ সময় চাইলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এ দিন অনুব্রতর আইনজীবীরা এই আবেদন নিয়ে সিবিআইয়ের সঙ্গে দেখা করেন । পাশাপাশি, এসএসকেএম-এর ডাক্তাররা জানিয়েছেন, অনুব্রতর অক্সিজেনের সমস্যা হচ্ছে । চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ এই মেডিকেল বোর্ডই আপাতত অনুব্রতর চিকিৎসার দায়িত্বে ৷ এর মধ্যে চেস্ট, মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রয়েছেন।
আরও পড়ুন- মেদভেদেভকে নিয়ে দোটানায় উইম্বলডন কর্তারা
বুধবার পঞ্চমবারের জন্য অনুব্রতকে সিবিআই দফতরে তলব করা হয়েছিল।
২০২১ সাল থেকে এর আগে তাঁকে চারবার তলব করে সিবিআই। কিন্তু কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আবার কখনও দলীয় কাজে ব্যস্ততার অজুহাতে তিনি হাজিরা এড়িয়ে যান। গ্রেফতারির আশঙ্কায় তিনি হাইকোর্টের কাছে রক্ষাকবচও চান। প্রথমে আদালত তাঁকে সেই রক্ষাকবচ দেয়। পরে হাইকোর্টের একক বেঞ্চ রক্ষাকবচ তুলে নেয়। অনুব্রত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন। ডিভিশন বেঞ্চও আবেদন খারিজ করে দেয়। তারপরই সিবিআই গত ২ মার্চ নোটিস পাঠিয়ে অনুব্রতকে বুধবার হাজিরার নির্দেশ দেয়।




