খবর লাইভ : আর ৮ মাস বাদেই কাতারের রাজধানী দোহায় বসতে চলেছে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের ক্রীড়া সূচী বানানোর জন্য লটারি হয়ে গেল। নির্ধারিত হয়ে গেল দলগুলোর গ্রুপ ভাগ্য। কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে মেসির আর্জেন্টিনা আর ‘জি’ গ্রুপে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নেমারের ব্রাজিল।
শুক্রবার (১ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় বসেছিল ফিফা বিশ্বকাপের এই অনুষ্ঠান। এর আগে বৃহস্পতিবার (৩১ মার্চ) ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোকে চারটি পাত্রে ভাগ করা হয়।
র্যাঙ্কিং অনুযায়ী এক নম্বর পাত্রে ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের নাম। তাই একই গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনার নাম থাকবে না তা নিশ্চিতই ছিল। তবে তারা কোন গ্রুপে থাকবে এবং তাদের গ্রুপ আর কারা থাকবে তা নিয়ে সবার মধ্যেই ছিল প্রবল আগ্রহ।
ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে জায়গা পেল আর্জেন্টিনা। গ্রুপের প্রথম দল ছিল তারা। আর ‘জি’ গ্রুপের প্রথম দল হিসেবে উঠেছিল ব্রাজিলের নাম।
‘সি’ গ্রুপে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী হয়েছে মেক্সিকো , সৌদি আরব এবং পোল্যান্ড । অর্থাৎ গ্রুপ পর্বেই দেখা মিলবে রবার্ট লেভানডস্কি এবং মেসির ডুয়েল।
অন্যদিকে নেমারের ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।
কাতার বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:
গ্রুপ ‘এ’
কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস।
গ্রুপ ‘বি’
ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান প্লে-অফ চ্যাম্পিয়ন।
গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ‘ডি’
ফ্রান্স, আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১, ডেনমার্ক, তিউনিশিয়া।
গ্রুপ ‘ই’
স্পেন, আন্তঃমহাদেশীয় প্লে-অফ-২, জার্মানি, জাপান।
গ্রুপ ‘এফ’
বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, মরক্কো।
গ্রুপ ‘জি’
ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ ‘এইচ’
পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।




