খবর লাইভ : বগটুই গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বৃহস্পতিবার অন্যত্র একটি হস্টেলে সরিয়ে নিয়ে যাওয়া হল। পড়ুয়াদের কথা ভেবে প্রশাসন ও স্থানীয় শাসকদলের নেতৃত্বের উদ্যোগে তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। একাদশ শ্রেণিরও কিছু পড়ুয়াকে ওই হস্টেলে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন মোট ১৩জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রামপুরহাটের গুরুকুল বিএড কলেজের হস্টেলে আনা হয়। গ্রামের আরও কয়েকজন পরীক্ষার্থী শুক্রবার হস্টেলে আসার কথা জানিয়েছে। আগামী প্রায় এক মাস ওই হস্টেলে থেকেই পরীক্ষা দেবে তারা। স্থানীয় প্রশাসন, পুরসভার কাউন্সিলার ও শাসকদলের নেতৃত্বের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। আতঙ্ক সরিয়ে এবার খোলা মনে পরীক্ষা দিতে যেতে পারবে জেনে খুশি পরীক্ষার্থীরা।
আরও পড়ুন- বগটুই-কাণ্ডে সিবিআইয়ের একাধিক প্রশ্নে অস্বস্তিতে রাজ্য পুলিশের কর্তারা
শাসকদলের উপপ্রধান খুন ও তারপর অগ্নিদগ্ধ হয়ে মোট ন’জনের মৃত্যুতে বগটুই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সেদিনের ঘটনা এখনও টাটকা এলাকার বাসিন্দাদের মনে। তবে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে বগটুই। এদিকে শনিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে।
মঙ্গলবার জেলাশাসক গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে পরীক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিয়েছেন। স্থানীয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রেখে পরীক্ষার্থীদের খোঁজ চালিয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাবে বা কতটা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে পারবে তা নিয়েও চিন্তায় ছিল প্রশাসন। এদিন গ্রাম থেকে কিছুটা দূরে শহরে গুরুকুল বিএড কলেজের হস্টেলে পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়।




