National Special News

মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকায় বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল

0
(0)

খবর লাইভ: মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (NEET-UG) থেকে বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল। এর ফলে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন এবার থেকে যে কোনও বয়সের পরীক্ষার্থী। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের হবু চিকিৎসকরা, টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

এতদিন অবধি মেডিক্যালের প্রবেশিকায় অসংরক্ষিত আসনে প্রার্থীদের জন্য ২৫ বছর অবধি ছিল বয়সের ঊর্ধ্বসীমা, অন্যদিকে সংরক্ষিত আসনের পরীক্ষার্থীরা ৩০ বছর বয়স অবধি এই পরীক্ষায় বসার সুযোগ পেতেন। নয়া নির্দেশিকায় সেই নিয়ম তুলে দেওয়া হল। এর ফলে তুলনায় বেশি বয়সিরাও এবার ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) সম্পাদক ডা. পুলকেশ কুমার জানিয়েছেন, গত অক্টোবরেই এনএমসির (NMC) বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হয়েছিল। এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই সংক্রান্ত একটি চিঠি লেখেন ডা. পুলকেশ কুমার। সেখানেই মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা থেকে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ন্যাশানাল মেডিক্যাল কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি এই বিষয়ে একটি টুইট করেন। সেখানে লেখেন, “ন্যাশনাল মেডিক্যাল কমিশন মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে। এই সিদ্ধান্ত ভবিষ্যৎ চিকিৎসকদের ব্যাপকভাবে উপকৃত করবে। দেশের মেডিক্যাল শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে।

প্রসঙ্গত, NEET ভারতে এমবিবিএস (MBBS), বিডিএস (BDS) এবং সমপর্যায়ের মেডিক্যাল কোর্সে ভরতির একমাত্র প্রবেশিকা পরীক্ষা। প্রতি বছর প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে থাকেন। ২০২২ সালে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কবে হবে, সেই দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। পরীক্ষার দিন জানানোর আগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সব মহল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *