খবর লাইভ: পরপর দুটি শান্তি বৈঠকে সমাধান সূত্র অধরা। যুদ্ধ কবে থামবে জানা নেই কারও। সারা বিশ্ব চাইছে শান্তি ফিরুক। তবুও গোলাগুলি, সংঘর্ষ অব্যাহত ইউক্রেনে। থামানো যাচ্ছে না রুশ বাহিনীকে। থেমে নেই ইউক্রেনও। পালটা মার দিচ্ছে ইউক্রেনের ফৌজও। ইউরোপ জুড়ে নেমেছে শরণার্থীর ঢল। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে যে ইউক্রেনে স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার এক শীর্ষ সেনাকর্তা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ইউক্রেনীয় সেনার এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে সুখোভেৎস্কি। ইউক্রেনের মাটিতে নিহত রুশ কমান্ডারদের মধ্যে পদমর্যাদার নিরিখে ইনিই সবচেয়ে সিনিয়র। সূত্রের খবর, রাশিয়ার ‘সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট’-এর ’41st Combined Arms Army’-র ডেপুটি কমান্ডার ছিলেন সুখোভেৎস্কি। তাঁর মৃত্যু রুশ ফৌজের মনোবলে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা।
এদিকে, সেনাকর্তার মৃত্যুর খবর নিয়ে মুখ খোলেনি মস্কো। কিন্তু নিহত সেনাকর্তার সহযোদ্ধা সের্গেই চিপিলিওভ সোশ্যাল মিডিয়ায় সুখোভেৎস্কির মৃত্যুর খবর ঘোষণা করেন। এদিকে প্রায় দিন আটেক ধরে যুদ্ধ চলার পর অবশেষে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ তাদের ৪৯৮জন সৈনিকের মৃত্যু হয়েছে। আহত প্রায় দেড়হাজার সেনা। কিন্তু ইউক্রেনের দাবি তারা ৯ হাজার রুশ সৈন্যকে খতম করেছে।




