খবর লাইভ: ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের আবহেই বৃহস্পতিবার বেলারুশে দ্বিতীয়বার বৈঠকে বসলেন যুযুধান দুই দেশের প্রতিনিধিরা। তবে রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় শান্তি বৈঠকেও যুদ্ধ থামানোর কোনও ইতিবাচক দিক উঠে এল না।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এই বৈঠকের কথা জানায় রাশিয়ার বিদেশমন্ত্রক। ওই টুইটে লেখা রয়েছে, “বেলারুশের জমিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। আমরা আশা করছি এবার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দোনবাস অঞ্চলে শান্তি ফিরবে ও ইউক্রেনের সমস্ত মানুষ আবারও শান্তিপূর্ণ জীবনে ফিরে যাবে।” বিশ্লেষকদের মতে, এখন ও কিয়েভ দখল করতে না পারায় চাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই ভয়ংকর লড়াই চললেও আলোচনার টেবিলে আবারও বসেছে মস্কো। সূত্রের খবর, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে দুই পক্ষের মধ্যে। একইসঙ্গে, ইউক্রেনের জেলেনস্কি সরকারকে উৎখাত করার উপর আবার জোর দেবেন রুশ প্রতিনিধিরা।
এদিকে, দেশে থাকা রাশিয়া ও রুশ নাগরিকদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব পাশ করল ইউক্রেনের পার্লামেন্ট। একইসঙ্গে, এগিয়ে আসা রুশ সেনাকে রুখতে দেশের নাগরিকদের গেরিলা যুদ্ধ শুরু করার ডাক দিয়েছে জেলেনস্কি সরকার। মস্কো বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটছে আমেরিকাও। কিয়েভকে মদত দিতে ১০ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ইটালি, জার্মানি-সহ ন্যাটো সামরিক ঘাঁটিগুলিকে আণবিক যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন বলেও খবর।




