খবর লাইভ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উপর অত্যাচারের অভিযোগ। কাঠগড়ায় ইউক্রেনের সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। কর্নাটকের একদল ছাত্রছাত্রীর অভিযোগ, ইউক্রেন ছেড়ে পালাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তাঁদের। ইউক্রেনের সেনাসদস্যরা রীতিমতো আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখাচ্ছেন তাঁদের! এই পরিস্থিতির শিকার হয়েছেন কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার বাসিন্দা হর্ষিতা। ভারতীয় সংবাদমাধ্যমকে নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন তিনি।
হর্ষিতার দাবি, তিনি যে এলাকায় আটকে রয়েছেন, সেখান থেকে বহু মানুষকেই বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু, ভারতীয় পড়ুয়াদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকী, তাঁদের ট্রেনে ওঠারও অনুমতি নেই। হর্ষিতা বলেন, “ভারতীয় ছাত্রছাত্রীরা ট্রেনে উঠলে তাঁদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে! এ নিয়ে প্রশ্ন তুললে উলটে বন্দুক উঁচিয়ে ভয় দেখানো হচ্ছে।”
হর্ষিতা জানান, “শুধুমাত্র ইউক্রেনীয়দেরই ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে। এই ‘নিয়ম’ চালু করায় ভারতীয় ছাত্রছাত্রীরা ট্রেনে ওঠারই সুযোগ পাচ্ছেন না। এমনকী, তাঁদের কাছে ট্রেনের বৈধ টিকিট থাকলেও অতিরিক্ত ডলার আদায় করা হচ্ছে। কিন্তু, সেই টাকা দেওয়ার পরও ভারতীয়দের ট্রেনে জায়গা দেওয়া হচ্ছে না!




