খবর লাইভ : বেআইনি কাজের আঁতুড়ঘর যেন জগৎবল্লভপুর। সরকারি জায়গা দখল করে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ আগেই উঠেছিল এবার জগৎবল্লভপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরও বন্ধ হয়নি বেআইনি এই কাজ। উল্টে এলাকার লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জগৎবল্লভপুরের বালি এলাকার এক মাটি মাফিয়ার বিরুদ্ধে। বালি এলাকাতেই বেআইনিভাবে মাটি কেটে তা অন্যত্র পাচার করা হচ্ছে। জগৎবল্লভপুর থানার ওসি মনোময় চক্রবর্তীকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এলাকার লোকজনের অভিযোগ, জগৎবল্লভপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডুর ঘনিষ্ঠ ওই মাটি মাফিয়া। আর সেই কারণেই প্রশাসন নীরব। প্রশাসন ওই বেআইনি কাজ বন্ধ না করলে এলাকার লোকজন পথ অবরোধ করার হুমকি দিয়েছেন। এব্যাপারে জগৎবল্লভপুর থানার ওসি, স্থানীয় বিধায়ক বা রঞ্জন কুণ্ডুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।




