খবর লাইভ: তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের পর জল্পনার অবসান। বিধাননগরের মেয়র হিসাবে কৃষ্ণা চক্রবর্তীর উপরেই আস্থা রাখল তৃণমূল। চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এছাড়া এদিন চন্দননগর এবং আসানসোলের মেয়রের নামও ঘোষণা করা হয়।
তবে শুক্রবার তৃণমূল জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকেই জল্পনার অবসান। বিধাননগরের দায়িত্ব ২৯ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী কৃষ্ণা চক্রবর্তীর কাঁধে তুলে দেওয়া হয়। চেয়ারম্যান ৩১ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী সব্যসাচী দত্ত। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল। মেয়রের নাম ঘোষণার পর কার্যত কেঁদে ফেলেন কৃষ্ণা। বিধাননগরের উন্নয়নই প্রধান লক্ষ্য বলে জানান তিনি। সব্যসাচীর গলাতেও মিলেমিশে কাজ করার সুর।
এদিকে, এদিন আসানসোল এবং চন্দননগর পুরসভার মেয়রের নামও চূড়ান্ত হয়। ভোটে লড়াই না করেও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বারাবনীর বিধায়কও তিনি। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং অভিজিৎ ঘটক। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। সাধারণত পুরনিগমে একজন ডেপুটি মেয়রই থাকেন। তবে আসানসোলে দু’জনের নাম চূড়ান্ত হওয়ায় বিধানসভায় পুর আইনে সংশোধনী আনা হবে বলেই জানান ফিরহাদ হাকিম। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী। চেয়ারম্যানের নাম এখনও চূড়ান্ত নয়।




