খবর লাইভ: পুলিশের পোশাক পড়ে ছাত্র খুন! ঘটনাটি ঘটেছে, হাওড়ার আমতা থানার সারদা দক্ষিণ খাঁ পাড়ায়। ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবার গভীর রাতে পুলিশের পোশাকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি ঢুকে পড়ে চারজন দুষ্কৃতী। তারপর তিন তলার ছাদ থেকে এক ছাত্রকে ফেলে খুনের অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মৃত ছাত্রের নাম আনিস খাঁ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ২৮ বছরের তরুণ আনিস। পড়াশোনার জন্য সে গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় থাকত বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। দিন তিনেক আগে সে নিজের গ্রামের বাড়ি আমতায় এসেছিল বলে জানা গিয়েছে।
মৃত যুবকের বাবা সালাম খানের অভিযোগ, গতকাল এলাকাতে একটি জলসায় যায় আনিস। অনেক রাতে বাড়ি ফেরে সে। তারপর, রাত ১টা নাগাদ ‘আমতা থানা থেকে আসা’ পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে চারজন। একজনের হাতে বন্দুক ছিল বলে অভিযোগ করেছেন মৃতের বাবা। তাঁকে ভয় দেখিয়ে আনিসকে নিয়ে তিনতলার ছাদে উঠে যায় ওই চার দুষ্কৃতী। তারপর আনিসকে ছাদ থেকেই ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতের বাবা।
স্থানীয়দের দাবি, বাম ছাত্র সংগঠন SFI-এর সক্রিয় কর্মী ছিল আনিস। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, আনিস তাঁদের দলের সদস্য ছিল বলে দাবি জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। আনিসের মৃত্যু নিয়ে সরব হয়েছে ISF।




