খবর লাইভ: দক্ষিণ কলকাতার একটি ক্যাফের মালকিনকে হেনস্থার ঘটনায় বিতর্কিত মন্তব্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলী ঘোষের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। পালটা দিলেন কুণাল ঘোষ।
মোটা অঙ্কের চাঁদা চেয়ে জুলুম, ক্যাফের মালকিনকে হুমকি, হেনস্থা। একাধিক অভিযোগের জেরে শোরগোল যোধপুর পার্ক। ঘটনার তদন্তে নেমে এলাকার এক তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে সেই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দল-সরকারের উপর নেত্রীর কোনও কন্ট্রোল নেই। ওনার কথা কেউ শোনেন না। ওদের পার্টি বলে কিছু নেই। সব পদ বাদ দিয়ে গ্যাং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন গ্যাংস্টার।”
দিলীপ ঘোষের মন্তব্যের পালটা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বিজেপি হচ্ছে একটা সার্কাস পার্টি। আর উনি সেখানকার জোকার। উনি এসব বুঝবেন না। দলে সাংগঠনিক নির্বাচন চলছে। সেই কারণেই পদের অবলুপ্তি। আর মমতা বন্দ্যোপাধ্যায় দল নেত্রী। উনি শীর্ষে রয়েছেন। আজই দলের মিটিং রয়েছে। দিলীপবাবুর এসব বোঝার কথা নয়। ওনাকে তো পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”




