খবর লাইভ: প্রাথমিকের পড়ুয়াদের স্কুলমুখী করার চিন্তাভাবনা করছে সরকার। নেতাজি ইন্ডোরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে এসে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে। অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়ারা ইতিমধ্যেই স্কুলে যাওয়া শুরু করেছে। তবে প্রাথমিকের পড়ুয়াদের স্কুলে ফেরাতে আর একটু অপেক্ষা করে যাওয়া ভালো।”
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, “আরও কোনও নতুন স্ট্রেইন না এলে ৫০ শতাংশ হাজিরা নিয়ে প্রাথমিকে পড়ুয়াদের স্কুলে ফেরানো যেতে পারে কিনা, তা নিয়ে স্কুলগুলির সঙ্গে আলোচনা করা হবে। তবে শুনছি আরও একটা স্ট্রেইন আসতে চলেছে। এগুলো কেটে গেলে একেবারে ছোটদের স্কুলে আনলে ওদের ক্লাসটাও শুরু করে দেওয়া যাবে।”
নেতাজি ইন্ডোরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মতুয়াদের নিয়ে অনেকেই রাজনীতি করছেন, তাদের উচ্ছেদ করতে দেব না। যতই রাজনীতি হোক। সমস্ত মতুয়ারা নিঃশর্ত জমি পাবেন।”




