খবর লাইভ : প্রায় চার বছর পর ঘরের ছেলে ঘরে। মুকুল রায় তৃণমূলে ফিরতেই একথাই ভেসে আসছে কর্মী-সমর্থকদের মুখ থেকে। পাশাপাশি আভাস মিলছে এর পরেই হয়তো সব্যসাচী দত্ত এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ও ফিরতে চলেছেন তৃণমূলে। দু’জনেই মুকুল রায় ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত।
মুকুল বঙ্গ রাজনীতিতে প্রধান চর্চার কেন্দ্রবিন্দুতে। আর তাঁকে ঘিরেই রয়েছেন তাঁর অনুগামীরা। তবে শুধু তিনি একা নন, সূত্রের খবর এবার রাজ্য বিজেপির নিশানায় পড়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী এবং ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী তথা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী রাজীব। সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং শৃঙ্খলারক্ষা কমিটির আহ্বায়ক সুভাষ সরকারের কাছে সব্যসাচীর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ জমা পড়েছে। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে গত মঙ্গলবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে সাংগঠনিক বৈঠক থেকে বেরিয়ে এসে সব্যসাচী দলের বিপক্ষে মুখ খুলেছিলেন। বলেছিলেন, ‘বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভাষা বুঝতে পারেননি সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির কোনও মুখ ছিল না।’ আর সেখানেই থেমে থাকেননি তিনি। তারপর থেকেই সব্যসাচীর গলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা হামেশাই শোনা যাচ্ছে। আর তাতেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব্যসাচীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ‘সে সবে পাত্তা দিচ্ছেন না দাদা, কথা চলছে মুকুলদার সঙ্গে।’
অন্যদিকে, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সেচমন্ত্রী রাজীব। প্রথম দিকে একটু সুর চড়িয়েছিলেন পুরনো দলের বিরুদ্ধে। কিন্তু দিন যত এগিয়েছে, কথায় সংযম ফিরিয়ে এনেছেন তিনি। তৃণমূলের অন্দরের খবর, বাংলার সংস্কৃতির পরিপন্থী হয়ে বাংলায় রাজনীতি করা যে সহজ নয় তা রাজীব বুঝতে পেরেছিলেন হারের পরেই। সম্প্রতি রাজীবের একটি ফেসবুক পোস্ট ঘিরে হইচই পড়ে যায়। সে জল্পনা আরও খানিক উস্কে মন্ত্রী ফিরহাদ হাকিমও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘আগেই আমি বলেছি রাজীব আমার ছোট ভাইয়ের মতো। কেন ওর এটা হল, কেন ও বিজেপিতে গেল এটা আমার কাছেও খুব বিস্ময়। যাওয়ার আগের দিনও আমি ওঁকে ফোন করেছিলাম। কিন্তু দেরিতে হলেও যদি ওঁর বোধোদয় হয় তবে সেটা ভাল লক্ষণ।’ সূত্রের খবর, খুব শীঘ্রই আবারও ঘাসফুলে ফিরছেন রাজীবও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…