Categories: State

তৃণম‍ূলের বিরাট জয়

খবর লাইভ : সব জল্পনা উড়িয়ে নিজের মেয়ের উপরেই আস্থা রাখল বাংলা। বিধানসভা ভোটে কার্যত ঘাসফুলের সুনামিতে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি। নিশ্চিহ্ন হয়ে গেল বাম-কংগ্রেস। মমতা ম্যাজিকে ভর করে টানা তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় ফিরল তৃণমূল কংগ্রেস।
গ্রাম থেকে শহর-সর্বত্রই বাংলার রঙ সবুজ। ঘাসফুলের দাপটে শুধু বিজেপিই নয়, বাম-কংগ্রেসের অনেক রথী-মহারথী মুখ থুবড়ে পড়েছেন। তবে তৃণমূলের বিপুল জয়ের মধ্যেও কাঁটার মতো বিঁধেছে নন্দীগ্রাম থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়াটা। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন পরাজয়ে কিছুটা মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মীরা। হা-হুতাশ করছেন অরাজনৈতিক অনেক সাধারণ মানুষও। যদিও নন্দীগ্রামের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।
বঙ্গের বিধানসভা ভোট নিয়ে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে চড়েছিল। এবারে প্রথম বেনজিরভাবে আট দফার নির্বাচনের সাক্ষী থেকেছিল রাজ্যবাসী। সেই সঙ্গে গত একমাস ধরে দলবদলেরও হিড়িক দেখেছিল সাধারণ মানুষ। বাংলা দখলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। বঙ্গজুড়ে ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন ফেরি করে বেড়িয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ সহ বিজেপির কয়েকশো নেতা-সাংসদ।
বাংলার ক্ষমতা দখলের একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। আর একা সেই চেষ্টা প্রতিহত করার জন্য রুখে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে ভূমিশয্যা নেওয়া বাম-কংগ্রেসের পক্ষ থেকে নিজেদের অস্তিত্ব বাঁচানোর একটা চেষ্টা চালানো হয়েছিল। আর নিজেদের অস্তিত্ব রাখতে আব্বাস সিদ্দিকীর মতো কট্টর সাম্প্রদায়িক নেতার হাতও ধরেছিলেন দুই দলের নেতারা। ফলে বাংলার এবারের ভোটের দিকে শুধু রাজ্যবাসীই নন, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক সচেতন মানুষ।
রবিবার সকালে পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই দেখা যায় অপ্রত্যাশিত ফল করছে রাজ্যের শাসকদল। তার পরে ইভিএম খুলতেই দেখা যায় তৃণমূল প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন। সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হতে থাকে ম্যাজিক ফিগার ছাড়িয়ে রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
দুপুরেই ২০০ আসনের গণ্ডি পেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস। এমনকী গত পঞ্চায়েত, লোকসভা ভোটে যে জঙ্গলমহল, হুগলি, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়ায় কার্যত শাসকদলের জয়রথ অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকে। কংগ্রেসের গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদেও চোখ ধাঁধানো ফলাফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলা বিরোধী শূন্য হয়েছে।
ঘাসফ‍ুল ছেড়ে যাঁরা পদ্মে পা রেখেছিলেন তাঁদেরও শোচনীয় হার। ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারতে হয়েছে। মূলত যে বাঙালি অস্মিতার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, তাঁর সেই ডাকে সাড়া দিয়েছে বাংলার ভোটাররা। মহিলা ভোটারদের পাশাপাশি রাজ্যের সংখ্যালঘূ ভোটাররাও নিজেদের পরিত্রাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিয়েছেন।
মমতার দলের এমন অভূতপূর্ব সাফল্যের কারণ বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত দশ বছরে বাংলার সাধারণ মানুষের জন্য যে উন্নয়নমূলক প্রকল্প নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাতে তাঁর উপরেই মানুষ ভরসা রেখেছেন।
তবে তৃণমূলের অভূতপূর্ব সাফল্যের মধ্যেও বেশ কয়েকজন মন্ত্রী ও হেভিওয়েট নেতা-নেত্রী পরাজিত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য্যোপাধ্যায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব, দিনহাটার বিধায়ক উদয়ন গুহরা।
বিরোধী শিবিরেরও অনেক রথী মহারথীরা ভূমিশয্যা নিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, কান্তি গঙ্গ্যোপাধ্যায়, ঐশী ঘোষরা। বাম-কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সংযুক্ত মোর্চার হয়ে মুখরক্ষা করেছেন ভাঙড়ের প্রার্থী নওশাদ সিদ্দিকি। নরেন্দ্র মোদি, অমিত শাহদের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা মুখ থুবড়ে পড়েছে। গত লোকসভা ভোটে ১২১ বিধানসভা আসনে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। সেখানে এখনও পর্যন্ত ৭১ টি আসনে জয়ী হয়েছে পদ্ম শিবিরের প্রার্থীরা। এবারের ভোট ফের একবার প্রমাণ করল, মমতার ম্যাজিকের কাছে সব কিছু ম্লান।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago