খবর লাইভ : আসন কমছে বটে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলার কুর্সিতে ফের পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেসই। বৃহস্পতিবার অষ্টম তথা অন্তিম দফার ভোট শেষে বিভিন্ন সমীক্ষা সংস্থার জনমত সমীক্ষাতে এমনই চিত্র উঠে এসেছে। অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা যতই ২০০-র বেশি আসনে জিতে বাংলা দখলের দাবি করুন না কেন, ২০০ তো দূরের কথা, বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারছে না বলেও জনমত সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। সবচেয়ে করুণ দশা কংগ্রেস-বাম ও আইএসএফের জোটের। সংযুক্ত মোর্চা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
যদিও জনমত সমীক্ষায় যে ইঙ্গিত মিলেছে তা মানতে রাজি হননি তৃণমূল ও বিজেপি নেতারা। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘জনমত সমীক্ষা তৃণমূলকে যে আসন দিচ্ছে, তার চেয়েও বেশি আসনে জিতবে দল। বাংলার মানুষ তৃণমূল সরকারের উপরে আরও বেশি করে আস্থা রাখবেন। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস।’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জনমত সমীক্ষাকে খারিজ করে দিয়েছেন। আত্মপ্রত্যয়ী কণ্ঠে তিনি বলেছেন, ‘এখনও বলছি ২০০-র বেশি আসনে জিতে বাংলায় সরকার গড়বে বিজেপি।’ বাম ও কংগ্রেস নেতারা অবশ্য প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।
বিভিন্ন জনমত সমীক্ষা সংস্থার রিপোর্ট অনুযায়ী, মূলত মহিলা ভোটারদের সমর্থনেই বাজিমাত করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পুরুষ ভোটাররা ঝুঁকেছেন বিজেপির দিকে। দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায় লোকসভার মতো চলতি বিধানসভা ভোটেও গেরুয়া শিবিরের উপরে আস্থা রাখছেন। তবে সংখ্যালঘু ভোটাররা গত ১০ বছরের মতো এবারেও তৃণমূলের উপরে আস্থা রেখেছেন। কংগ্রেস-বাম ও আইএসএফের জোটের দিকে তাঁরা ঝোঁকেননি। ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটাররই ঘাসফুলের উপরে আস্থা রেখেছেন।
তবে বিভিন্ন সমীক্ষা সংস্থার জনমত সমীক্ষায় ভিন-ভিন চিত্র উঠে এসেছে। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ১৫২ থেকে ১৬৪ আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। দলের ঝুলিতে যেতে পারে ৪২ দশমিক ১ শতাংশ ভোট। বিজেপি জিততে পারে ১০৯ থেকে ১২১ আসনে। ঢাক-ঢোল পিটিয়ে জোট বাঁধলেও ফের একবার মুখ থুবড়ে পড়তে চলেছে বাম ও কংগ্রেস। সংযুক্ত মোর্চা জিততে পারে ১৪ থেকে ২৫ আসনে।
টাইমস নাও-সি ভোটারের জনমত সমীক্ষা বলছে, রাজ্যে এখনও পর্যন্ত যে ২৯২ আসনে ভোট হয়েছে তার মধ্যে ১৫৮ আসন জিততে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১১৫ আসন নিয়েই খুশি থাকতে হচ্ছে বিজেপিকে। বাম-কংগ্রেস-আইএসএফ জোটের দখলে যেতে পারে ১৯ আসন।
নিউজ এক্স-পোলস্টারের জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৫২ থেকে ১৬২ আসনে। বিজেপি পেতে পারে ১১৫ থেকে ১২৫ আসন আর কংগ্রেস-বাম-আইএসএফ জোট জিততে পারে ১৬ থেকে ২৬ আসনে। অর্থাৎ বাম ও কংগ্রেসের সুবিধাবাদী জোটকে যে বঙ্গের মানুষ প্রত্যাখান করেছে তা স্পষ্ট প্রতীয়মান হয়েছে সমীক্ষায়।
পি মার্কসের বুথফেরত সমীক্ষায় পাওয়া বিধানসভার ফলের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১০ থেকে ২০ আসন।
রিপাবলিক-সিএনএক্সের জনমত সমীক্ষা অবশ্য বিজেপিকে এগিয়ে রেখেছে। এই সংস্থার সমীক্ষা অনুযায়ী রাজ্যে তৃণমূলকে পিছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছে বিজেপি। পদ্ম শিবির জিততে পারে ১৩৮ থেকে ১৪৮ আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁলেও ছুঁতে পারে পদ্ম শিবির। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১২৮ থেকে ১৩২ আসন। বাম-কংগ্রেস জোট জিততে পারে ১১ থেকে ২১ আসন।
সমীক্ষা সংস্থা জন কি বাত অবশ্য রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করছে বলে ইঙ্গিত দিয়েছে। সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ১৫০ থেকে ১৬২ আসন। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১১৮ থেকে ১৩৪ আসন। বাম-কংগ্রেস জোটকে ১০ থেকে ১৪ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…