খবর লাইভ : ভোট বড় বালাই। তাই দক্ষিণবঙ্গের জনসভায় এনআরসি নিয়ে হুঙ্কার ছুঁড়লেও, উত্তরবঙ্গের সভায় কার্যত উল্টোসুরই শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। তিন আসনকে পাখির চোখ করে সোমবারের পরে মঙ্গলবারও পাহাড়ে নির্বাচনী জনসভা করেন তিনি। আর লেবংয়ের সেই জনসভায় ফের গোর্খা মন জয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এখনই কোনও এনআরসি করার পরিকল্পনা নেই। ভবিষ্যতে এনআরসি হলেও একজন গোর্খাকেও বের করে দেওয়া হবে না। কেন না, গোর্খারা অনুপ্রবেশকারী নন।’
পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার এলে গোর্খাদের সমস্যার সমাধান হবে বলেও প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ বলেন, ‘২ মে’র পরে পাহাড়ে আর হিংসা-অশান্তির আগুন জ্বলবে না। পাহাড় সমস্যার সমাধান কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে করবে। আপনাদের আর আন্দোলন করতে হবে না।’
তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিমল গুরুংপন্থী গোর্খাদের মধ্যে বছর তিনেক আগে পাহাড়ে যে অশান্তির আগুন জ্বলেছিল, সেই প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের হাজার-হাজার মানুষকে বাম ও তৃণমূল জমানায় প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘গোর্খাদের সঙ্গে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল দিনের পর দিন অন্যায় করে চলেছে। ১৯৮৬ ও ১৯৮৮ সালে পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছিল সিপিএম। ১২০০- র বেশি গোর্খার বুকে গুলি করেছিল। আজও সেকথা ভুলিনি। আর দিদিও কম অত্যাচার করেননি। বহু লোককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মমতা দিদির জমানায় হাজারের বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গোর্খা ভাইদের লুকিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে আর এমনভাবে লুকিয়ে বেড়াতে হবে না। আপনাদের বিরুদ্ধে যত মামলা রয়েছে তা তুলে নেওয়া হবে। পাহাড়ে খুশির দীপাবলি উৎসব হবে।’
গোর্খাদের সঙ্গে বিজেপির বন্ধন ঈশ্বর তৈরি করেছে বলেও জানান অমিত শাহ। তাঁর কথায়, ‘গোর্খাদের আত্মবলিদান সারা দেশ গর্বের সঙ্গে স্মরণ করে। গোর্খাদের প্রতি সুবিচার একমাত্র বিজেপিই করতে পারে। কারণ গোর্খাদের সঙ্গে বিজেপির সম্পর্ক তৈরি করেছেন ঈশ্বর। দেশজুড়ে থাকা গোর্খাদের দেশের মূলস্রোতে যুক্ত করার কাজ শুরু হবে।’
দেশভাগের পরে দার্জিলিং তথা পাহাড়ের কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না কংগ্রেস সরকার, না বাম সরকার, না তৃণমূল সরকার-কোনও সরকারই দার্জিলিং সহ পাহাড়ের উন্নয়নের জন্য কোনও উদ্যোগ নেয়নি। উন্নয়ন থমকে গিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরে প্রকৃত উন্নয়ন শুরু হবে। তাই অন্তত মোদিজিকে পাঁচ বছরের জন্য একটি বারের জন্য সুযোগ দিন।’
লেবংয়ের পরে নাগরাকাটায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন অমিত শাহ। সেই সভাতে চা বাগানের শ্রমিকদের দুরবস্থা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বলেন, ‘গত দশ বছর চা বাগানের শ্রমিকদের দুর্দশা ঘোচাতে কোনও উদ্যোগ নেননি। অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে চা বাগানের শ্রমিক-মজুরদের। চা বাগান ও চা-ওয়ালার ছেলে- দু’পক্ষের সঙ্গেই শত্রুতা দিদির।’ সভা থেকে উত্তরবঙ্গে এইমস গড়া সহ আরও একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নাগরাকাটার পরে বিধাননগরের দলীয় প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে সভা করেন বিজেপির চাণক্য। ওই সভাতেও তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘মমতা দিদি বার বার আমার ইস্তফা চাইছেন। আমি বলি, জনগন চাইলে আমি ইস্তফা দেব। কিন্তু দিদি আগামী ২ মে আপনাকে ইস্তফা দিতেই হবে। কেন না, বাংলার জনগণ এবার আপনাকে হারানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ২০০’র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…