খবর লাইভ : বামেদের ডাকে আজ, শুক্রবার রাজ্যজুড়ে চলছে ১২ ঘণ্টার বনধ। যদিও সকাল ১০টা পর্যন্ত কলকাতায় বনধের বিশেষ কোনও প্রভাব পড়েনি। তবে জেলাগুলিতে বনধের মিশ্র প্রভাব পড়েছে। টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ থেকে শুরু করে ডিপো থেকে বাস বেরোতে না দেওয়া, সকাল থেকে রাস্তায় মিছিল বের করা, এমনকি রেললাইনে কলাপাতা ফেলে ট্রেন অবরোধের ঘটনাও ঘটেছে।কোথাও পুলিশ বনধ তুলতে গেলে তাদের চকলেট, গোলাপ ফুলও দেওয়া হয়।
ধর্মঘটীদের অবরোধের জেরে এদিন সকাল থেকেই শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যাহত হয়।১২ ঘণ্টার বনধ সফল করতে রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হলেন বাম কর্মী- সমর্থকরা। কোথাও কোথাও রেল অবরোধের চেষ্টা করেন বনধ সমর্থকরা। কলকাতার শ্যামবাজারে বনধ সমর্থকরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। দক্ষিণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে বাম কর্মী সমর্থকরা পথ অবরোধ করে। এদিন খুব সকালে কাঁচড়াপাড়া রেল স্টেশনে রেল অবরোধ হয়। পরে অবশ্য অবশ্য অবরোধ তুলে দেওয়া হয়। পরে শান্তিপুরে রেল অবরোধ শুরু করে বনধ সমর্থনকারীরা। তবে মোটের ওপর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিন দমদম এয়ারপোর্টের এক নম্বর গেটে অফিস যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বনধ সমর্থনকারীরা। দমদমে অফিস যাত্রীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে কলকাতায় বাস, ট্যাক্সি, মেট্রো চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে খবর। সরকারি অফিস খোলা থাকায় এদিন সকাল থেকে রাস্তায় নিত্যযাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে বেলা ১১টায় বামেদের কেন্দ্রীয় মিছিল বেরোবে এন্টালি মোড় থেকে। ফলে সেই সময় ফের কলকাতার প্রাণকেন্দ্র অবরুদ্ধ হতে পারে বলে পুলিশের আশঙ্কা।
মূলত গতকালের নবান্ন অভিযানকে ঘিরে বাম কর্মী-সমর্থকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা। এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দলও। যদিও রাজ্য সরকার বনধের বিরুদ্ধে। তাই এদিন সকাল থেকে অন্যান্য দিনের মতই রাস্তায় বাস, ট্যাক্সি দেখা গিয়েছে। মেট্রো চলাচলও বন্ধ হয়নি। এমনকি পূর্ব ঘোষণা মত এদিন থেকেই স্কুল খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ফলে বামেদের বনধ বানচাল করে রাজ্যকে সচল রাখতে তৎপর পুলিশ-প্রশাসন।
অন্যদিকে, এদিনের বনধ সফল করতে সকালেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন স্থানীয় বাম নেতৃত্ব। এরপর কেন্দ্রীয় মিছিল বেলা ১১টায় এন্টালি মার্কেটের কাছ থেকে বেরোবে। সেখানে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি-সহ বাম ও বাম সহযোগী দলের নেতৃত্বরা। সবমিলিয়ে, সপ্তাহান্তে ফের অবরুদ্ধ হতে চলেছে মহানগরী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…