খবর লাইভ : এবার গরু ও কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই আদালত। এর আগে বিনয়কে একাধিকবার তলব করা সত্বেও তিনি হাজিরা দেননি। বিনয়কে না পেয়ে তাঁর ভাই বিকাশকে জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু তাতেও সন্তুষ্ঠ হননি তাঁরা। ইতিমধ্যেই বিনয়ের ফ্ল্যাট, বাড়ি, অফিসে একাধিকবার হানা দিয়েছে সিবিআই। কিন্তু বিনয়কে এখনও ধরা সম্ভব হয়নি।
তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, প্রভাবশালী ব্যক্তিদের কাছে টাকা পাঠানোর মাধ্যম হিসাবে কাজ করতেন এই বিনয় মিশ্র। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালা এবং গরু পাচারকাণ্ডে এনামুল হকের সঙ্গে বিনয় মিশ্রের যোগাযোগ ছিল বলে নিশ্চিত সিবিআই আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিনয়ের এক আত্মীয় পুলিশের বড় কর্তা। অনেক সময় তাঁকেও কাজে লাগাতেন বিনয়।
এই বিনয়কেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত করেছিল তৃণমূল।



