: খবর লাইভ : আপাতত সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হবে না। সোমবার এমনই সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। সেই সঙ্গে হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামিকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে সৌরভকে। মঙ্গলবার সৌরভকে দেখতে আসছেন ড: দেবী শেঠি। তিনি সৌরভের শারীরিক পরীক্ষা করার পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যিনি বাইপাস সার্জারি করেছেন, সেই ডাঃ রমাকান্ত পাণ্ডেরও পরামর্শ নেওয়া হয়।
তার আগে এদিন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড সৌরভের পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মহারাজের বাইপাস সার্জারি করা হবে না। শনিবার একটি স্টেন্ট বসানো হয়। পরে আরও দুটি স্টেন্ট বসানো হবে। আগামী দুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সৌরভ। চিকিৎসকরা জানিয়েছেন, রাতে ভাত, ডাল, সব্জি, স্যালাড খেয়েছেন সৌরভ। তাঁর শরীরের অন্যান্য মাপকাঠি নিয়ন্ত্রণে রয়েছে। ভালো ঘুম হয়েছে।
এদিন সৌরভকে দেখতে আসেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আসেন অমিত শাহ-পুত্র তথা বোর্ড সচিব জয় শাহ।
সৌরভকে হাসপাতালে দেখতে কলকাতায় পা রেখে এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান। তৃণমূলকে আক্রমণ করে তাঁর প্রশ্ন, ‘পশ্চিমবঙ্গ কী ভারতের বাইরে? তাহলে কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতায় এলে বহিরাগত হবেন?’


