National

বিহার ভোটের শুরুতেই অস্বস্তিতে বিজেপি! ঘুষকাণ্ডে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

0
(0)

খবর লাইভ : নোট বাতিলের সময় এক ব্যক্তিকে ‘গো সেবা আয়োগে’র প্রধান করে দেওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ। দুই সাংবাদিকের দায়ের করা মামলার ভিত্তিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক পোস্টে অভিযোগ করার জন্য সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা দায়ের করছিল উত্তরাখণ্ড পুলিশ, সেই মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে নোটবন্দির সময়। তখন ত্রিবেন্দ্র রাওয়াত ছিলেন ঝাড়খণ্ডের বিজেপি পর্যবেক্ষক। অভিযোগ উঠেছিল, সেই সময় এক ব্যক্তিকে ‘গো সেবা আয়োগে’র প্রধান করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন রাওয়াত। চালাকি করে সেই টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে না নিয়ে, বেশ কয়েকজন আত্মীয়দের অ্যাকাউন্ট মারফত ঘুষ নেন তিনি। দিন কয়েক আগে উমেশ কুমার শর্মা নামে এক সাংবাদিক তাঁর ফেসবুক পোস্টে এই কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনেন। মুখ্যমন্ত্রীর কু-কীর্তিতে সরগরম হয়ে ওঠে উত্তরাখণ্ডের রাজ্য রাজনীতি। ওই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। এরপরই পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে উত্তরাখণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন সাংবাদিকরা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন জানান। বুধবার সাংবাদিকদের দাবি মেনেই রায় দেন উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র মৈথানি। মুখ্যমন্ত্রী রাওয়াতের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সঙ্গে ওই সাংবাদিকের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করে দেয় আদালত। যদিও মুখ্যমন্ত্রীর দফতর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রয়োজনে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *