প্ল্যাস্টিকে মোড়া খাদ্যদ্রব্য থেকে সাবধান!
প্ল্যাস্টিকেও ৩ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা, বলছেন গবেষকরা
খবর লাইভ : এতদিন পর্যন্ত গবেষণায় প্রমাণিত ছিল, তামা হল কোভিড-১৯-এর বাহক। কিন্তু সম্প্রতি গবেষকরা জানতে পেরেছেন, প্ল্যাস্টিকও করোনা ভাইরাস বহনে সক্ষম। স্থায়িত্ব ৩ দিন পর্যন্ত হতে পারে। ভাইরাস অবস্থান করে স্টেইনলেস স্টিলেও।
নতুন গবেষণায় উঠে এসেছে, কোভিড-১৯ কয়েক ঘণ্টা পর্যন্ত ভূপৃষ্ঠে এবং এরোসোলকে বাহক করে বেঁচে থাকতে পারে। ডিভাইসগুলিতে ৩ ঘন্টা, তামায় ৪ ঘন্টা, কার্ডবোর্ডে ২৪ ঘন্টা, সর্বোপরি প্ল্যাস্টিক এবং স্টেইনলেস স্টিলের ওপর ২-৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাস।
গবেষণায় আরও দাবি করা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস বাতাসে ভেসে থাকতে পারে। তাই অক্সিজেন এবং দূষিত পদার্থের সঙ্গে এই ভাইরাস মানব শরীরে প্রবেশ করার ক্ষমতা রাখে। আর সেই কারণেই বিশ্বব্যাপী নতুন করে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
ক্যালিফোর্নিয়া-লস অ্যাঞ্জেলেস বিশ্ববিদ্যালয়ের বাস্তুশাস্ত্র এবং বিবর্তনমূলক জীববিজ্ঞানের অধ্যক্ষ এবং জেমস লয়েড-স্মিথের বক্তব্য, ‘ভাইরাসটি অল্প যোগাযোগের মাধ্যমেও যথেষ্ট সংক্রমণ ছড়াতে সক্ষম।’ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে তিনি বলেছেন, ‘যদি আপনি অন্য কারও দ্বারা পরিচালিত বা ব্যবহৃত করোনা বাহক এমন বস্তুগুলির সংস্পর্শে আসেন, তবে সচেতন হন। সংস্পর্শে আশার পরপরই হাত ধুয়ে নিন।’ গবেষণায় উদাহরণস্বরূপ এও বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীর বাড়িতে তাঁর পরিবারের মধ্যে এবং হাসপাতালের ধাতব সিট, প্ল্যাস্টিকের ওপর পরীক্ষা করা হয়েছে, আর তাতেই সংক্রমণ বিষয়ক এই তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, সকলেই একে অপরের কাছ থেকে হাত পেতে টাকা-পয়সা লেনদেন করে থাকেন। প্ল্যাস্টিকে মোড়া খাদ্যদ্রব্যও খেয়ে থাকেন। এমনকি অনেকেই আছেন, যাঁরা ফ্রিজের মধ্যে ফল, সবজি প্ল্যাস্টিকে মুড়ে রেখে দেন। এই ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন গবেষক, চিকিৎসরা। যতটা সম্ভব প্ল্যাস্টিকের ব্যবহার কম করুন এবং প্ল্যাস্টিকে মোড়া দ্রব্য স্পর্শ করলে তৎক্ষণাৎ হাত স্যানিটাইজ করুন।



