খবর লাইভ : শনিবার বিকাল ৫টায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন প্রয়াত এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। বিমান দুর্ঘটনায় অজিতের আকস্মিক মৃত্যুর পর জল্পনা তৈরি হয়েছিল হয়তো এই পদটা তিনিই পাবেন।
শূন্যস্থান পূরণে সুনেত্রার সঙ্গে বৈঠক করেছিলেন এনসিপি-র ভারপ্রাপ্ত সভাপতি প্রফুল প্যাটেল, ছগন ভুজবল এবং সুনীল তটকরেরা। শুক্রবার গভীর রাতে অজিত-জায়াতেই সিলমোহর দিয়েছে দল। রাজ্যসভার সাংসদ সুনেত্রাই দলের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের নেতৃত্বাধীন মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হবেন। এ কথা জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা ছগন ভুজবল।
ছগন ভুজবল বলেন, ‘ফড়ণবীস জানিয়েছেন, শনিবার সুনেত্রা যদি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন, তা হলে তাঁর কোনও আপত্তি নেই।’ তাই সেই মর্মেই শনিবার বিকাল ৫টা নাগাদ সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী পদে হস্তান্তর করতে ইচ্ছুক এনসিপিও। ওই সময় শপথবাক্য পাঠ করবেন তিনি। কিন্তু বাকি মন্ত্রকগুলি কী হবে? সেগুলি কি হাত ছাড়া করবে এনসিপি? বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী মার্চ মাসে মহারাষ্ট্রে বাজেট পেশ হওয়ার কথা। তাই ততদিন পর্যন্ত অর্থমন্ত্রক নিজের কাছেই রাখবেন ফড়ণবীস। তারপর তা তুলে দেওয়া হবে সুনেত্রার হাতে।




