Special News Special Reports State

ইডি-অভিযান নিয়ে শেষ পর্যন্ত বিবৃতি দিল আইপ্যাক

0
(0)

খবর লাইভ : ইডি-অভিযান নিয়ে বিবৃতি দিল আইপ্যাক। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং সল্টলেকের অফিসে ইডি হানার পর শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা। বিবৃতিতে আইপ্যাক বৃহস্পতিবার ইডি অভিযান নিয়ে নিজেদের ‘উদ্বেগের কথা’ প্রকাশ করেছে। তবে এ-ও জানিয়েছে, আইন মেনে চলবে তারা। আইনের প্রতি সম্মান জানিয়ে পূর্ণ সহযোগিতার কথাও বলেছে আইপ্যাক।

সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বৃহস্পতিবারের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি আইপ্যাকের পথচলা ও কর্মকাণ্ড সম্পর্কেও সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার ইডির আধিকারিকরা কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালান। আইপ্যাকের মতো একটি সংস্থার জন্য দিনটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও কঠিন ছিল। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে তা করব।’

ইডির তল্লাশির পরেও নিজেদের দায়িত্ব ও কাজের প্রতি অবিচল থাকার কথা জানিয়েছে আইপ্যাক। সংস্থার দাবি, এই ঘটনার ফলে তাদের কাজকর্মে কোনও প্রভাব পড়বে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের তরুণ প্রজন্ম যখন তাদের শক্তি, বিচক্ষণতা ও পেশাদারিত্বকে অরাজনৈতিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে, তখন দেশের গণতান্ত্রিক পরিসর আরও শক্তিশালী হয়। এই ভাবনা থেকেই আইপ্যাকের জন্ম। বছরের পর বছর ধরে সেই আদর্শকে সামনে রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে সংস্থাটি নিজেদের জায়গা মজবুত করেছে।

দীর্ঘদিন ধরে আইপ্যাক বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের পেশাদার পরামর্শদাতা হিসেবে কাজ করে আসছে। সেই তালিকায় বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস এবং জেডিইউয়ের মতো দল রয়েছে। আইপ্যাকের বক্তব্য, ‘আমরা কখনও কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না এবং কোনও রাজনৈতিক পদেও নেই। আমাদের ভূমিকা কোনও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত নয়; আমরা কেবলমাত্র পেশাদার রাজনৈতিক পরামর্শ দিয়েই থাকি।’

বৃহস্পতিবার ইডির অভিযানের জেরে সল্টলেকের আইপ্যাক অফিসে সেদিন কাজ বন্ধ ছিল। তদন্তকারী সংস্থা অফিসে পৌঁছোনোর পরই কর্মীদের জানিয়ে দেওয়া হয়, তারা যেন অফিসে না এসে বাড়ি থেকেই কাজ করেন। তবে শুক্রবার সকালে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ে। অন্যান্য কর্মদিবসের মতোই স্বাভাবিক ছন্দে চলতে থাকে আইপ্যাকের অফিস। ইডি-অভিযানের পর কর্মীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলেও সংস্থার তরফে স্পষ্ট করে জানানো হয়, বৃহস্পতিবারের ঘটনার কোনও প্রভাব আইপ্যাকের দৈনন্দিন কাজের উপর পড়বে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *