খবর লাইভ : রবিবার ছুটির সকালে গোটা বাংলা ফের শীতের আমেজে কাঁপছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন কুয়াশার দাপটও বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে একটু কম। এর আগে পরপর পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই ছিল। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন সোমবার থেকেই ফের তাপমাত্রা আরও নামতে শুরু করবে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এর আগে গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ০.২ ডিগ্রি বেশি। এরপর থেকেই টানা কয়েক দিন দফায় দফায় পারদ নেমে গিয়েছিল।আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই ছন্দপতন। সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে। এর জেরে সোমবার থেকে বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। যদিও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে শীতের কামড় যথেষ্টই অনুভূত হবে।
উল্লেখ্য, চলতি শীতে ইতিমধ্যেই তাপমাত্রার বড় পতন দেখা গেছে। নববর্ষের আগের রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরসুমের সর্বনিম্ন। ১ জানুয়ারি পারদ ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৫ বছরে সবচেয়ে ঠান্ডা নববর্ষের দিন হিসেবে নথিভুক্ত হয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৩.১ ডিগ্রি হলেও তা তখনও স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম ছিল। শনিবার সামান্য উষ্ণতা বাড়লেও, জানুয়ারির প্রথমার্ধ জুড়ে কলকাতায় শীতের প্রভাব বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম ও সংলগ্ন কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কুয়াশার দাপট বজায় থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং সহ চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সান্দাকফু-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, আর সমতলের জেলাগুলিতে তা ৯ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…