খবর লাইভ : ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেই সাথে বাংলাদেশে যাতে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ করেছেন বলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতা যখন চলছে, এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল।
এর মধ্যেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ এর জন্য কেকেআর তাদের দল থেকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে। এই অঞ্চলের ভূ-রাজনৈতিক সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই তাদের ‘নির্দেশনা’ দেওয়ার পর কেকেআর এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া জানান, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে।
দেবজিত সাইকিয়া বলেন, সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনও খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।
আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাকে ঘিরে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মধ্যে তীব্র দর কষাকষি হয়, যেখানে শেষ পর্যন্ত কেকেআরই মুস্তাফিজুর রহমানকে পায়।
এনিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনন্দ প্রকাশ করেছিল তখন। প্রতিবেদন লেখা পর্যন্ত, এই ঘটনায় মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কেকেআরের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার রাত ১১টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সেখানে তিনি লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (উপদেষ্টা) হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা, লিখেছেন আসিফ নজরুল।
পরবর্তী আইসিসি পুরুষ টি টুয়েন্টি বিশ্বকাপ সাতই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেসব দল ওই বিশ্বকাপে অংশ নেবে, তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেট টিমও রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে।
সেই প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনও অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ।
ঘটনা হল, এখন আইসিসির চেয়ারম্যান ভারতের জয় শাহ। তিনি একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রও। ফলে বাংলাদেশ যদি আইসিসি-র দ্বারস্থ হয়, তা হলে জয় শাহেরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হবে কি না, তা নিয়ে আলোচনার জন্য শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি ভিত্তিতে বৈঠক ডাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তার মধ্যে তিনটি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে বাংলাদেশের খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশের চতুর্থ ম্যাচটি মুম্বইয়ে হওয়ার কথা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…