খবর লাইভ : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে এ রাজ্যে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে গিয়েছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। এনুমারেশন ফর্ম বিলিও শেষ।শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
শুনানিতে এ বার নির্বাচন কমিশন তলব করল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীকে। আগামী ৪ জানুয়ারি, রবিবার শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে তাঁকে। সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নন্দিতাকে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিস তাঁকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নন্দিতা এই বিষয়ে জানান, তাঁর হাওড়ার বাড়িতে বিএলও গিয়ে শুনানির ওই নোটিস দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘‘কী কারণ তা আমিও বুঝতে পারছি না।’’
উল্লেখ্য, হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা নন্দিতা। তিনি দক্ষিণ হাওড়ার বর্তমান বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এসআইআর শুনানির নোটিশ পেয়ে কার্যত হতবাক তিনি। শুক্রবার নন্দিতা বলেন, মানুষকে হয়রান করতে বৈধ ভোটারদের এই ভাবে শুনানিতে ডাকা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কী কারণে আমাকে শুনানিতে ডাকা হল কিছুই বুঝতে পারছি না। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কবি জয় গোস্বামীকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। শুক্রবার তাঁকে শুনানি কেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।




