খবর লাইভ : ভোটার তালিকার এসআইআর প্রসেস চলাকালীন, বিএলও-দের মধ্যে বড় উদ্বেগ তৈরি হয়েছে। কারণ , বিএলও অ্যাপ থেকে ‘এডিট’ বা রি-ভেরিফাই অপশনটি হঠাৎ করে অপসারণ করা হয়েছে। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করেছেন, তথ্য এন্ট্রি করার সময় যদি ভুল হয়, তা সংশোধনের কোনো সুযোগ আর নেই।
বিএলও-দের দাবি, ডিজিটাল এনিউমারেশন ফর্ম পূরণের সময় কাজের চাপে বা সার্ভারের ধীরগতির কারণে ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু একবার তথ্য জমা দেওয়ার পর তা ফের সংশোধন করার সুযোগ না থাকায় খুবই দুশ্চিন্তার বিষয়।
তদন্তে জানা গিয়েছে, ১৯ নভেম্বর বিএলও অ্যাপে ‘এডিট’ ফিচার চালু করা হয়েছিল। কিন্তু পরের দিন থেকেই সেটি মোছার অভিযোগ উঠেছে। স্বপন মণ্ডল জানান, কাজের চাপ মারাত্মক। সার্ভারও ঠিক মতো কাজ করছে না। অনেক বিএলও রাতে দেরি করে কাজ করতে বাধ্য হচ্ছেন।
এই সমস্যা সম্পর্কে কমিশনকে অবহিত করা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী ১–২ দিনের মধ্যেই এডিট অপশন পুনরায় চালু করা হবে। এছাড়া, সার্ভার সংক্রান্ত সমস্যাও দ্রুত সমাধানের প্রতিশ্রুতি এসেছে। দিল্লি আইটি টিম রাজ্য সিইও দফতরের সঙ্গে যোগাযোগ করছে।
বিএলও-দের জন্য এডিট ফিচার খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোটোখাটো ভুলও তাদের দায়িত্বে থাকা ভোটারদের জন্য বড় প্রভাব ফেলতে পারে। বিএলও ঐক্যমঞ্চ বলছে, নির্বাচন কমিশন যেন তাদের দাবি গুরুত্বসহকারে নেয় এবং অ্যাপের কার্যকারিতা দ্রুত ঠিক করে।




