খবর লাইভ : ছত্তিশগড় পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড একটি বড়সড় অভিযানে দুই নাবালককে গ্রেফতার করেছে। অভিযোগ, তারা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া-এর অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কিশোরকে প্রভাবিত করার চেষ্টা করছিল। গ্রেফতার হওয়া দুই নাবালকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর সময় সাইবার পুলিশ কিছু সন্দেহজনক পোস্ট লক্ষ্য করে। ওই পোস্টগুলির সূত্র ধরে দুই কিশোরকে চিহ্নিত করা হয় এবং দীর্ঘদিন তাদের অনলাইন কার্যকলাপ নজরে রাখা হয়। পরে দেখা যায়, তাদের কর্মকাণ্ড ‘ভারতবিরোধী’ এবং আইএসআইএসের প্রচারমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এরপরই এটিএস তাদের আটক করে।
ছত্তিশগড়ের স্বরাষ্ট্র মন্ত্রী বিজয় শর্মা এই গ্রেফতারিকে “এটিএস-এর বড় সাফল্য” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “রায়পুরের দুই নাবালক অনলাইনে আইএসআইএসের সঙ্গে যোগাযোগ রাখছিল। পাকিস্তানি মডিউলের নির্দেশে তারা সক্রিয়ভাবে কাজ করছিল।”
তার বক্তব্য অনুযায়ী, দুই কিশোর ভুয়ো ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে অন্যান্য তরুণদের প্রভাবিত করছিল এবং আইএসআইএস–এর নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তারা পাকিস্তানি মডিউলের নির্দেশ অনুযায়ী কাজ করত এবং আরও কিশোরকে অনলাইন মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করছিল। ইনস্টাগ্রামে তাদের প্রভাব দ্রুত বাড়ছিল।”
এটিএস জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই নাবালকের সমস্ত অনলাইন যোগাযোগ, ডিভাইস ও ডিজিটাল কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও বড় কোনও নেটওয়ার্কের হদিশ মিলতে পারে বলে আশঙ্কা।




