খবর লাইভ : দিল্লির লালকেল্লা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের পরের দিনেই এবার পাকিস্তানে বিস্ফোরণ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় অবস্থিত জেলা ও সেশনস কোর্টে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসলামাবাদ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি পুড়ে যাওয়া গাড়ির ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা এলাকায় ছড়িয়ে পড়েছে। গাড়িটি নিরাপত্তা বেড়ার পেছনে দাঁড় করানো ছিল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের শব্দ চারপাশের ছয় কিলোমিটার দূর থেকে শোনা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
তদন্তে এখনও স্পষ্ট হয়নি, বিস্ফোরণের কারণ কী এবং এটি কোনো ঘৃণ্য কার্যক্রমের অংশ ছিল কি না। ইসলামাবাদ পুলিশ এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি।




