খবর লাইভ : সম্প্রতি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই প্রথমবার তারা আইসিসি-র কোনও পদক জিততে পারল। এই দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচা ঘোষ। টিম ইন্ডিয়ার ‘ফিনিশার’ হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে রিচার হাতে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দেন। রাজ্যের ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট পদে রিচাকে নিয়োগ করা হল। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গ ভূষণেও সম্মানিত করেন।
রিচার প্রশংসা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘রিচার উপর আমাদের সকলের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। কিন্তু, ওর উপর আমরা কেউ মানসিক চাপ দেব না। ওকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই যদি আমরা ওর থেকে অনেক কিছু আশা করে ফেলি, তাহলে সেটা হয়ত অনেকসময় পূরণ নাও হতে পারে। সেকারণে ও যেটা করছে, সেটাই ওকে করতে দিতে হবে।’
শুধুমাত্র রাজ্য সরকারই নয়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকেও রিচাকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এই ম্য়াচে রিচা অনেকটাই নীচের দিকে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি ২৪ বলে ৩৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। আর এই রানের জন্য সিএবি’র পক্ষ থেকে তাঁর হাতে ৩৪ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি বাংলার এই নয়া ক্রিকেট আইকনের হাতে তুলে দেওয়া হয় একটি সোনার ব্যাট এবং বল। এটা অবশ্য মুখ্যমন্ত্রীর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী একসঙ্গে তুলে দেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তো রিচার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। তিনি বললেন, ‘আমি নিজে তিনটে বিশ্বকাপ ফাইনাল খেলেছি। কিন্তু, একটাও জিততে পারিনি। অথচ, রিচা এত কম বয়সেই ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে।’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ভারতীয় ক্রিকেট দলে রিচা সাধারণত ৬ নম্বরে ব্যাট করতে নামে। ওই জায়গায় রান করা অতটাও সহজ নয়। কারণ, ওখানে বল কম থাকে, আর রান বেশি করতে হয়। অনেকেই হয়ত স্মৃতি-হরমনপ্রীতদের রানগুলো মনে রাখে। কিন্তু, রিচা যে জায়গায় ব্যাট করতে নেমে রানটা করে, সেটার কৃতিত্ব কোনও অংশে কম নয়। ওর স্ট্রাইক রেটটা একবার দেখুন। তাহলেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…